সবুজে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী, পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ


Desk News প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন /
সবুজে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী, পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ

মোংলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী সবুজ ও পরিবেশবান্ধব উন্নয়নে বিশ্বাস করেন। প্রাণ-প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসা অপরিসীম। পরিবেশ রক্ষায় বর্তমান সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

শনিবার দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পাহাড় ও গাছ কাটা নিরুৎসাহিত করেন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করছে সুন্দরবন। অথচ কিছু অসাধু ব্যক্তি বনটির ক্ষতি করছে। সুন্দরবন রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি জানান, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের জীবনমান উন্নয়নে এবারই প্রথম উপকূলীয় ৮ হাজার ২৭১টি পরিবারকে ৬৬১ মেট্রিক টন চাল সহায়তা দেওয়া হয়েছে।

পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোনো ইটভাটায় কাঠ পোড়াতে দেওয়া হবে না। নতুন করে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও নির্মাণ করা হবে না। সরকার সৌর ও বায়ুশক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। বায়ুদূষণ কমাতে ঢাকার ২০ থেকে ২৫ বছর পুরোনো বাস পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সঙ্গে বন বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সুন্দরবন বাংলাদেশের ফুসফুস। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই বন রক্ষা করতেই হবে।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন ‘ধরা’র কেন্দ্রীয় সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।

‘পিপলস ম্যান্ডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ সিরিজের এ সংলাপে সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ের অংশীজনেরা মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা অঞ্চলের বনসংরক্ষক ইমরান আহমেদ, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম এবং মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।

বিকেলে ‘দক্ষিণ-পশ্চিম উপকূলের জীবন-জীবিকা ও বাস্তুতন্ত্র’ শীর্ষক বিশেষ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এতে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম রব্বানী।