জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী সোহরাব শিকারী: নিজস্ব অর্থায়নে সংস্কার হচ্ছে ঘুগরাকাটি বাজারের প্রবেশপথ


Desk News প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন /
জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী সোহরাব শিকারী: নিজস্ব অর্থায়নে সংস্কার হচ্ছে ঘুগরাকাটি বাজারের প্রবেশপথ

কয়রা,প্রতিনিধি

দীর্ঘদিনের অবহেলা আর বেহাল দশা। বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যেত। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘুগরাকাটি গ্রামের প্রধান সড়কের প্রবেশদ্বার ।এই রাস্তাটি ছিল চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। সংস্কারের কোনো উদ্যোগ এতদিন চোখে পড়েনি কারও।
চরম ভোগান্তিতে পড়েছিলেন এলাকার সাধারণ মানুষ, মাদ্রাসা ,স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা। বারবার বলেও কোনো প্রতিকার মেলেনি।
অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন বাগালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সোহরাব হোসেন শিকারী। তিনি নিজস্ব অর্থায়নে ঘুগরাকাটি বাজারের প্রবেশমুখের ভঙ্গুর রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
তার এই মহৎ উদ্যোগে ইতোমধ্যেই স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। রাস্তার কাজ শুরু হওয়ায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের ছাপ দেখা গেছে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে আমরা কষ্ট করেছি। কেউ খোঁজ নেয়নি। সোহরাব ভাই নিজের টাকায় রাস্তাটি ঠিক করে দেওয়ায় আমাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে। পথচারীদের আর কাদা-পানি মাড়িয়ে চলতে হবে না। এমন জনবান্ধব কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
ব্যবসায়ীরাও বলেন, বাজারে মালামাল আনা-নেওয়া ও ক্রেতাদের চলাচল এখন সহজ হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকায় সোহরাব হোসেন শিকারীর এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, জনপ্রতিনিধি না হয়েও যিনি মানুষের কষ্ট বোঝেন, তিনিই প্রকৃত জনসেবক।
সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে একজন ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগে একটি এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়া সত্যিই দৃষ্টান্ত। ঘুগরাকাটিবাসীর প্রত্যাশা, সোহরাব শিকারীর এই কাজ এলাকার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে।
মোক্তার হোসেন।
কয়রা।