মাছ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার


Desk News প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন /
মাছ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

মোংলা প্রতিনিধি

মোংলায় মাছ দেওয়ার কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, গত রোববার (১৬ আগস্ট) দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকায় শাপলা তুলতে গিয়েছিল কিশোরীটি। এ সময় একই এলাকার বাসিন্দা সুমন শিকদার তাকে মাছ দেওয়ার কথা বলে স্থানীয় একটি মাছের ঘেরের বেড়িবাঁধে নিয়ে যান।

সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতি হবে বলে কিশোরীকে ভয় দেখানো হয়।

পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানাতে ভয় পাওয়ায় কয়েক দিন ঘটনাটি গোপন রাখে কিশোরী। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তার মামী বিষয়টি জানতে চান। একপর্যায়ে কিশোরী ঘটনার কথা জানান।

পরে কিশোরীর মামা মোঃ শিপন বাদী হয়ে শুক্রবার বিকেলে মোংলা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সুমন শিকদারকে গ্রেপ্তার করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার বাগেরহাট আদালতে পাঠানো হবে।