
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটক ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব বেপারীর ছেলে। বিজিবি জানায়, তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৭৭ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া বাটন মোবাইলের মূল্য ১ হাজার টাকা এবং নগদ ১১ হাজার ৬০০ টাকাসহ জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচারকারীদের আটকের লক্ষ্যে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :