শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষিকাসহ আটক ২-


Milon Hossain প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১:২৪ অপরাহ্ন /
শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষিকাসহ আটক ২-

 

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শায় এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন। বর্তমানে তাদের শার্শা থানা হেফাজতে রাখা হয়েছে।
সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তিনি ঝিকরগাছা উপজেলার বিকেএস কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হলেও বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, পরীক্ষা শেষে গোপনে মেয়ের খাতায় প্রশ্নপত্র দেখে উত্তর সংশোধন করে দেন প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন। এ কাজে তাকে সহযোগিতা করেন স্কুলের আয়া ফাতেমা খাতুন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়।
সূত্র আরও জানায়, পরীক্ষাকেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার সময় দায়িত্বরত টিম ঘটনাটি শনাক্ত করে। পরে আটক ফাতেমা খাতুনের কাছ থেকে নকলের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় কেন্দ্র কমিটির কেন্দ্র সচিব মোহাম্মদ গাউসুল আজম, হল সুপার মোহাম্মদ শাহিনুর রহমান, সদস্য মো. আব্দুস সালাম ও সদস্য মহেন্দ্রনাথ ধরের দায়িত্বে অবহেলা এবং স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবকরা।
এ বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিভাবক ও স্থানীয়রা ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে আরও কঠোর তদারকির দাবি জানিয়েছেন।
শার্শা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এম. নূরুজ্জামান বলেন, “ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তদন্ত করা হয়।প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।