শার্শায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সৃষ্টি করে ২ মোটরসাইকেল লুট—অভিযুক্ত আটক।


Milon Hossain প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন /
শার্শায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সৃষ্টি করে ২ মোটরসাইকেল লুট—অভিযুক্ত আটক।

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও দুইটি মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে এবং লুট হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৭ মে) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে পুকুর খননকে কেন্দ্র করে বিরোধের জেরে ইয়াকুব আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একই এলাকার রবি হোসেনসহ অজ্ঞাত ২/৩ জন তার বাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।
এক পর্যায়ে তারা বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল (রেজি: যশোর ল-১৬-৩৮৭৯) এবং একটি হিরো স্প্লিন্ডার মোটরসাইকেল (রেজি: যশোর হ-১৮-১১৮৪) জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে রবি হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে লুট হওয়া দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ইয়াকুব আলীর বাড়ির পাশের জমিতে রবি হোসেন অধিক গভীরতায় পুকুর খনন করায় আশপাশের স্থাপনা ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এছাড়া রবি হোসেন ইয়াকুব আলীর কাছে প্রায় দুই লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করে আসছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।