
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
নারীদের আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তুলতে বেনাপোলে ‘আলোকিত নারী’র উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সংগঠনটির ৯টি ওয়ার্ডে ১৩টি শাখার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টায় বেনাপোল পৌরসভার কাগজপুকুর ওয়ার্ডে ৬০ জন নারীকে নিয়ে সেলাই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন ‘আলোকিত নারী’র সেলিনা খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসান, আলোকিত নারী’র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, সহসভাপতি উজ্জ্বল হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আজিজুল হক , প্রচার সম্পাদক ইব্রাহিম হোসেনসহ প্রশিক্ষণে অংশ নেওয়া ৬০ নারী।
অনুষ্ঠানে শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “নারীদের এগিয়ে নিতে সরকারি পর্যায়ে যত ধরনের সহযোগিতা সম্ভব, আমরা আপনাদের পাশে থাকব। আপনারা প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরি করবেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
‘আলোকিত নারী’র সভাপতি মোস্তাফিজ জোহা সেলিম বলেন, “আমি চাই পুরুষদের পাশাপাশি নারীরাও নিজেদের সক্ষমতা অর্জন করুক। কারণ আমি বিশ্বাস করি, নারীরা ভালো থাকলে পরিবার ভালো থাকবে। একজন নারী স্বাবলম্বী হলে তার পরিবার যেমন উপকৃত হবে, তেমনি সমাজ ও দেশও এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, নারীদের শুধু প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের প্রশিক্ষণলব্ধ দক্ষতাকে কাজে লাগিয়ে আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘আলোকিত নারী’ কাজ করছে। ভবিষ্যতে আরও বেশি নারীকে প্রশিক্ষণের আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
আয়োজকরা জানান, বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৩টি শাখার মাধ্যমে নারীদের সংগঠিত করে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন কাজে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীরা ঘরে বসেই কাজ করে পরিবারের আয়ে ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা জানান, সেলাই প্রশিক্ষণ তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। প্রশিক্ষণ শেষে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে চান তারা।
নারীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে ‘আলোকিত নারী’র এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারী জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :