
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে উপজেলার কানাগাড়ী বাজার সংলগ্ন অটো রাইচ মিলের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রোমান হোসেন (৩৮)। তিনি জয়পুরহাট জেলা সদরের শাপলা নগর এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. মাসুদ রানা (৩৪) ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী এলাকার মো. আহম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাসুদ ও রোমান রানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে কানাগাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কানাগাড়ী বাজার সংলগ্ন অটো রাইচ মিলের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পাশ থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী রোমান হোসেন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। গুরুতর আহত চালক মাসুদ রানাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার মতামত লিখুন :