ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা


Desk News প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন /
ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়াই জ্বালানি তেল বিক্রি এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সাধনা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির নিয়ম চালু রয়েছে। তবে সাধনা ফিলিং স্টেশনে এই নিয়ম অমান্য করে কার্ড ছাড়াই বিপুল পরিমাণ তেল বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ রুবানা তানজিন। এ সময় তাকে সহযোগিতা করেন ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তদন্তে দেখা যায়, পাম্পের ম্যানেজার ফুয়েল কার্ড ছাড়াই প্রায় ১৫০০ থেকে ২০০০ লিটার তেল বিক্রি করেছেন, যার ফলে সাধারণ গ্রাহকদের মাঝে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, “ফিলিং স্টেশনের অব্যবস্থাপনা দূর করতে এবং জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরাতে আমরা ফুয়েল কার্ডের ব্যবস্থা করেছি। আজ কার্ড ছাড়া তেল বিক্রির ফলে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। জনস্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”