
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কঠোর নিরাপত্তা ও প্রশাসনের নিবিড় নজরদারির মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সারা দেশের ন্যায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার ৫টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনের পরীক্ষায় ৩টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের খবর পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, এবার প্রথমবারের মতো প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ভিডিও সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তৎপরতা ছিল। কেন্দ্র সচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের ওপর ছিল কড়া নিষেধাজ্ঞা। পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে সাধারণ বোর্ডে ১৭ জন, মাদ্রাসা বোর্ডে ২২ জন এবং কারিগরি বোর্ডে (ভোকেশনাল) ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কঠোর নির্দেশনায় এবার শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনে কোনো শিক্ষার্থীকে বহিষ্কার করার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়নি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, “প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোতেও এই শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও শিক্ষা অফিস সজাগ দৃষ্টি রাখছে।”
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সজাগ রয়েছেন।
আপনার মতামত লিখুন :