
মিলন হোসেন বেনাপোল,
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে যশোরের তারাগঞ্জ এলাকা থেকে প্রায় ১ কেজি স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদকসহ সকল প্রকার চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি কঠোরভাবে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল ২০২৬) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
এসময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ গ্রাম গোল্ড পেস্টসহ একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে গোল্ড পেস্ট ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকাসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গোল্ড পেস্ট বাংলাদেশ জুয়েলার্স সমিতি (BAJUS) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য আনুমানিক ১,৯৩,৪২,০১১ টাকা।
আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১)। তার পিতা আমিন আহমদ আনসারী ও মাতা সারওয়ারি বানো আনসারী। তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য ও মিশরের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন। সর্বশেষ গত ২০ এপ্রিল ২০২৬ তিনি ভারতের মুম্বাই থেকে বিমানযোগে দুবাই যান এবং সেখান থেকে ঢাকায় এসে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে পুনরায় ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল।
বর্তমানে আটককৃত ব্যক্তি, জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
আপনার মতামত লিখুন :