সাতক্ষীরার সুন্দরবনে ৪২ টি হরিণ ধরার ফাঁদ উদ্ধার


Desk News প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন /
সাতক্ষীরার সুন্দরবনে ৪২ টি হরিণ ধরার ফাঁদ উদ্ধার

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি প্রতিনিধি: সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দূপুরে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির অধীনে সুন্দরবনের বেলায়েতের ভারানি ও ছেড়ার খাল থেকে এ ফাঁদ উদ্ধার করা হয়েছে বলে জানান, বুড়িগোয়লিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক।

বন বিভাগ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় বনের ভেতরে পেতে রাখা ৪২টি হরিণ শিকারের ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জাহিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই ফাঁদগুলো উদ্ধার করি। তাছাড়া ফাঁদগুলো এমনভাবে পাতা ছিল, যাতে বনাঞ্চলে বিচরণরত হরিণ সহজেই আটকা পড়ে শিকারিদের হাতে প্রাণ হারায়।

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এখানে বসবাসকারী বন্যপ্রাণী, বিশেষ করে হরিণের মতো গুরুত্বপূর্ণ প্রজাতি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

ফজলুল হক সাধারণ জনগণকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য পেয়ে থাকেন, তাহলে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

স্থানীয় আমিরুল ইসলাম বলেন, সুন্দরবনে দীর্ঘদিন ধরেই অসাধু শিকারি চক্র সক্রিয় রয়েছে। তবে বন বিভাগের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে এসব কর্মকান্ড অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তারপরেও কিছু চক্র বন বিভাগের নজর এড়িয়ে এ সমস্ত কাজ করে চলেছে। আমাদের দাবি তাদেরকে আইনের আওতায় এনে হরিণ শিকার চিরতরে বন্ধ করতে হবে।