বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা।


Milon Hossain প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন /
বেনাপোলে ভ্যান চুরির চেষ্টা, দুইজনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর নতুনপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যান চুরির চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টার দিকে পাটবাড়ি গ্রামের ভ্যানচালক মোঃ শহিদ গাজী ভাড়ায় ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়আঁচড়া গ্রামের এম/পি মার্কেটের সামনে মেহেদী হাসান (৩৩) ও আব্দুর সবুর (৪৫) তার ভ্যানে ওঠেন।

পরে রাত সাড়ে ৮টার দিকে তারা বাহাদুরপুর বাজারে যাওয়ার কথা বলে। রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণপুর নতুনপাড়া এলাকায় পৌঁছালে এজাহারে উল্লেখ করা হয়েছে, ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মেহেদী হাসান পেছন থেকে চালক শহিদ গাজীর গলা চেপে ধরেন এবং আব্দুর সবুর তাকে কিল-ঘুষি মারেন। একপর্যায়ে শহিদকে ভ্যান থেকে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

শহিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ গজ দূরে ভ্যানসহ দুইজনকে আটক করে বোয়ালিয়া বাজারে নিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত ভ্যানটি জব্দ করে এবং দুইজনকে হেফাজতে নেয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়। মামলা নং-২, ধারা ৩৮২/৪১১, দ্য পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়েছে।