
মিলন হোসেন বেনাপোল,
চট্টগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় রেশমা বিবি নামে এক নারী ও তার ছোট ছেলে সন্তানকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পেরিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বর্তমানে ওই শিশু এবং মা বেনাপোল চেকপোস্ট বিজিবির হেফাজতে রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রেশমা বিবি নামে ওই নারী ভারতের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী রাজু শেখ এবং পিতা বুলু শেখ। রেসমা বিবির দাবি,ভারতের বোম্বে এলাকায় বিএসএফের হাতে আটক হওয়ার পর তাকেসহ বাংলাদেশি সন্দেহে আরও প্রায় ২৫০ জনের সঙ্গে চট্টগ্রামের কোন এক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।
তিনি জানান, চট্টগ্রামে পৌঁছানোর পর স্থানীয় কিছু মানবিক মানুষ চাঁদা তুলে তার যাতায়াতের ব্যবস্থা করেন। পরে তারা বেনাপোল সীমান্তে চলে আসে। এখান দিয়ে তারা আবার ভারতে ফিরতে পারবেন এ আশা নিয়ে বেনাপোল আসেন। কিন্তু তিনি ও তার শিশু সন্তান অবৈধভাবে বেনাপোল চেকপোস্ট এলাকায় ঘোরাঘুরির এক পর্যায়ে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদেরকে হেফাজতে নেন।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মুরাদ হোসেন জানান, এক শিশুসন্তান নিয়ে এক মা বেনাপোল সীমান্তে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ওই শিশুটি এবং মাকে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের থানা হেফাজতে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :