সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন টেকসই জীবিকার লক্ষ্যে দোকান প্রদান


Desk News প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ন /
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন টেকসই জীবিকার লক্ষ্যে দোকান প্রদান

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি বাঘ বিধবা পল্লীর পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গ্রোওয়েল প্রকল্পের আওতায় আইএফএসডি ভিলেজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান আইএফএসডি ফাউন্ডেশন। সুন্দরবন সংলগ্ন গাবুরা দ্বীপ ইউনিয়নের অধিকাংশ মানুষ মাছ ধরা, কাঠ সংগ্রহ ও মধু আহরণের মতো ঝুঁকিপূর্ণ পেশার ওপর নির্ভরশীল। জীবিকার তাগিদে প্রতিনিয়ত সুন্দরবনে প্রবেশ করতে গিয়ে অনেকেই বাঘের আক্রমণের শিকার হন। এতে কেউ প্রাণ হারান, আবার কেউ গুররুতর আহত হয়ে কর্মক্ষমতা হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থনৈতিক সংকটে পড়েন। এমন তিনটি পরিবারের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করতে গ্রোওয়েল প্রকল্পের আওতায় তিনটি ক্ষদ্র্র ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পৃথক পৃথক স্থানে তাদের কাছে দোকানের চাবি তুলে দেয়া হয়। এর মধ্যে মো. সিদ্দিক গাজীর জন্য ‘মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ’, মো. মোবারক গাজীর জন্য ‘আরিশা এন্টারপ্রাইজ’ এবং মো. আতিয়ার গাজীর জন্য ‘সাজিদা স্টোর’ নির্মাণ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এসব ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিয়মিত আয়ের সুযোগ তৈরি করবে এবং সুন্দরবনের ঝুঁকিপূর্ণ জীবিকার ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। দোকান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইএফএসডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ফাহাদ উজ্জামান খান, নির্বাহী পরিচালক আবদুল্লাহ শাহরিয়ার বিজয়, স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুর রহমান এবং সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল।