সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ


Desk News প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন /
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকার বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৪ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, বৈকারী, হিজলদী, কুশখালী, মাদরা, চান্দুরিয়া ও কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, শাড়ি, আমুল দুধ, গোলগাপ্পা এবং মাদকদ্রব্য উইন কোরেক্স সিরাপসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৈকারী বিওপির একটি দল সীমান্ত পিলার ৭/২০-এস এর প্রায় ১০০ গজ ভেতরে সাতক্ষীরা সদর উপজেলার নাইজেরিয়া পাড়া এলাকা থেকে ৮ হাজার টাকা মূল্যের উইন কোরেক্স সিরাপ জব্দ করে।

এছাড়া হিজলদী বিওপির তিনটি পৃথক দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন বড়ালী, তালসারি ও গোবরপোতা এলাকা থেকে প্রায় ৩ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

কুশখালী ও মাদরা বিওপির পৃথক অভিযানে কুশখালী মসজিদ মোড় ও শ্মশানঘাট এলাকা থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপি গেড়াখালি এলাকা থেকে ৪২ হাজার টাকা মূল্যের শাড়ি এবং চান্দুরিয়া বিওপি কাঁদপুর এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়াও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা গোবিন্দপুর এলাকা থেকে ১০ হাজার ৫০০ টাকা মূল্যের আমুল দুধ ও গোলগাপ্পা আটক করে।

সবমিলিয়ে অভিযানে ৮ লাখ ৯৭ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের ক্ষতি করার পাশাপাশি সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছে।