
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমসহ দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎযাপিত হতে পারে সেজন্য বিজিবি কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। গতকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষে হয়েছে।
যশোর ব্যাটালিয়ন তথা ৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামন্ডপসহ যশোর রিজিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামন্ডপে প্রায় ২,০০০ (দুই হাজার) বিজিবি সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। বিশেষ করে সীমান্তের নিকটবর্তী এলাকাগুলোতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ও গোপালগঞ্জসহ ০৭টি জেলায় ৩৭টি উপজেলার সীমান্তে ৮ কিঃ মিঃ এর মধ্যে এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাংগা শহরে ৫৮টি বেইজ ক্যাম্প হতে পূজামন্ডপ সমূহে বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। পূজামন্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারসহ বিভিন্ন বাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থা গুলোর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হয়।
যশোর রিজিয়ন এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ছাড়াও স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে গোপালগঞ্জ জেলার শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে পারে সে লক্ষে যশোর রিজিয়ন হতে ০৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা এবং সাহসিকতার পরিচয় দেন। তাদের এই দায়িত্বশীল ভূমিকার ফলে সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যশোর ব্যাটালিয়নসহ যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ সহাবস্থান ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এই সম্প্রীতি বজায় রাখতে এবং দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :