সাতক্ষীরায় সেনা পরিচয়ে ভুয়া গোয়েন্দা আটক, উদ্ধার ককটেল ও গুলি


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় সেনা পরিচয়ে ভুয়া গোয়েন্দা আটক, উদ্ধার ককটেল ও গুলি

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরায় সেনাবাহিনীর পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ককটেল ও গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. আবু মুসা (৩৫)। তিনি সদর উপজেলার রসুলপুর এলাকার রেজাউল সরদারের ছেলে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের তালতলা ঈদগাহ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, আবু মুসা মোবাইল ফোনে স্থানীয় এক ব্যক্তিকে আলিপুর ইউনিয়নের নাথপাড়া গ্রামের একটি বাঁশবাগানে ককটেল ও গুলি থাকার তথ্য দেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে সেনাবাহিনী তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাত দুইটার দিকে নাথপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধার আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।