ফের দখল দূষণ: সাতক্ষীরার প্রাণসায়র খাল রক্ষায় প্রতিবাদীবন্ধন


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন /
ফের দখল দূষণ: সাতক্ষীরার প্রাণসায়র খাল রক্ষায় প্রতিবাদীবন্ধন

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার স্থানীয় নাগরিক ও পরিবেশবাদীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সদ্য জেগে ওঠা ঐতিহ্যবাহী প্রাণসায়েরের খাল আবারও দখল ও দূষণের কবলে পড়েছে। এই অবস্থার প্রতিবাদে খাল দখল ও দূষণমুক্ত করার দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী বন্ধন ও নাগরিকদের অবস্থান কর্মসূচি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কবি পল্টু বাসারের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। খাল রক্ষায় এই কর্মসূচি পরিণত হয় দৃঢ় প্রতিবাদের মঞ্চে।

কর্মসূচিতে বক্তব্য দেন সাতক্ষীরার বৃহত্তম পরিবেশবাদী নাগরিক সংগঠন প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ-এর সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক ও নাগরিক নেতা আমিনা বিলকিস ময়না, দৈনিক মানবজমিনের সাংবাদিক ও ভিবিডি’র সাধারণ সম্পাদক এসএম বিপ¬ব, ইসিএর জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান, উন্নয়নকর্মী রেহেনা পারভিন, সাংবাদিক রায়হান পারভেজ, রুহিতোষ কুমার, যুব সংগঠক হৃদয় মন্ডল, উর্মি মীম, শেখ আব্দুর রহমান, নাজমুন নাহার, ইফতি জামিল ও ইমতি জামিল।

শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, প্রাণসায়রের খাল শুধু একটি জলাধার নয়, এটি সাতক্ষীরার প্রাণপ্রবাহ। দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে নাগরিকরা আবারও রাজপথে নামবে।
মাহফুজুর রহমান মুকুল বলেন, খাল দখল ও দূষণ সরাসরি আইন লঙ্ঘন। প্রয়োজনে আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশন-এর পরিচালক শেখ আফজাল হোসেন।
কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে আমিনা বিলকিস ময়না বলেন, বারবার আন্দোলন করে খাল উদ্ধার, আবার দখল- এটা নাগরিকদের সঙ্গে প্রতারণা। প্রশাসনের নীরবতা এই দখলদারদের সাহস জোগাচ্ছে।

সংবাদকর্মী এসএম বিপ্লব বলেন, প্রাণসায়রের খাল রক্ষা মানে শুধু পরিবেশ রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো। সাংবাদিক সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

ইসিএ জেলা কমিটির সদস্য সাকিবুর রহমান বলেন, খাল দখল বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় অনিবার্য। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

কর্মসূচি থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে প্রাণসায়রের খালকে দখল ও দূষণমুক্ত করার জোর দাবি জানানো হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে বক্তারা একযোগে ঘোষণা দেন প্রাণসায়রের খাল রক্ষার এই আন্দোলন এখানেই থামবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত নাগরিক ঐক্যের ব্যানারে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় কর্মসূচি অব্যাহত থাকবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ যদি প্রাণসায়রের খাল রক্ষা না করা যায়, আগামী দিনে সাতক্ষীরার পরিবেশ ও জনজীবনই হবে সবচেয়ে বড় ক্ষতির মুখে। তাই সময় থাকতে দখলদারদের রুখে দাঁড়াতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।