
মোংলা প্রতিনিধি
মোংলার সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন । তবে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর সদস্যরা মোংলা থানার সীমান্ত খাল সংলগ্ন সুন্দরবন এলাকায় অবস্থান করছে। পরে সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া যৌথভাবে সেখানে অভিযান চালায়।
অভিযানে ডাকাতদের একটি আস্তানা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এ সময় একটি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।
জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সংস্থাটি বলেছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :