নির্বাচনী আইন ভাঙলেই স্পটে সর্বোচ্চ ৭ বছর কারাদন্ড: সাতক্ষীরায় কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন /
নির্বাচনী আইন ভাঙলেই স্পটে সর্বোচ্চ ৭ বছর কারাদন্ড: সাতক্ষীরায় কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলায় প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে কঠোর নিরাপত্তায় ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্র রয়েছে। এ নির্বাচনে ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে ভোটকক্ষ প্রস্তুত, ৪০০ গজের চৌহদ্দি নির্ধারণ এবং সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

তিনি জানান, প্রার্থীদের প্রচারণা মঙ্গলবার শেষ হয়েছে। এখন লক্ষ্য উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করছেন। যান চলাচলের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত তল্লাশি চালাচ্ছে।

নির্বাচনী অনিয়ম প্রতিরোধে নির্বাচন কমিশন সাতক্ষীরায় ১০ জন প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট ও ৪ জন বিচারক নিয়োগ দিয়েছে। তারা অভিযোগ ছাড়াই সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) করে ঘটনাস্থলেই ২ থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদন্ড ও জরিমানা আরোপ করতে পারবেন।

বিচারিক ম্যাজিস্ট্রেটদের কঠোর তদারকির ফলে নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল থাকবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক। নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধেও তাদের কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তিনি আরও জানান, ভোটারদের নিরাপদে ভোটদানে সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সকলের সহযোগিতায় জেলার চারটি আসনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।