তেল পাচার প্রতিরোধে সীমান্তে টহল, তল্লাশি, গোয়েন্দা নজরদারি ও বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।


Milon Hossain প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন /
তেল পাচার প্রতিরোধে সীমান্তে টহল, তল্লাশি, গোয়েন্দা নজরদারি ও বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার প্রতিরোধে যশোর সীমান্তে টহল, তল্লাশি, গোয়েন্দা নজরদারি ও সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বেনাপোল স্থলবন্দরসহ শার্শা ও চৌগাছা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

এছাড়া বেনাপোল স্থলবন্দর গেটে দেশীয় ও ভারতীয় ট্রাক মালামাল পরিবহনের সময় ভারতে প্রবেশের আগে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, যশোর সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনক যেকোনো যানবাহন বা চলাচলের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।