
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ওসি শহিদুল ইসলাম বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুব সমাজকে এই মরণব্যাধি থেকে দূরে থাকতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বাল্যবিবাহ ও ইভটিজিং কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে। একটি সুস্থ ও সুন্দর জীবন গড়তে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আশেপাশে মাদক কেনাবেচা, বাল্যবিবাহের আয়োজন বা ইভটিজিংয়ের মতো কোনো ঘটনা ঘটলে তা যেন তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
ঘোড়াঘাট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমান পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ তৈরি করবে। পুলিশের এই সরাসরি অংশগ্রহণ শিক্ষার্থীদের ভয় দূর করে তাদের নৈতিকভাবে সাহসী করে তুলবে।”
এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :