২৪ অক্টোবর থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানির নতুন সময়সূচি


Desk News প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন / ০
২৪ অক্টোবর থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানির নতুন সময়সূচি

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
শীতকালীন মৌসুম উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। আগামী ২৪ অক্টোবর ২০২৬, শনিবার থেকে এ সময়সূচি কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোমরা কাস্টমস হাউসের কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে এ সময়সূচির কথা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, শীতকালীন মৌসুমে দিনের আলোকিত সময়ের স্বল্পতা বিবেচনায় আমদানি-রপ্তানি কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়োপযোগীভাবে পরিচালনার সুবিধার্থে আগামী ২৪ অক্টোবর থেকে বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। এ ছাড়া ভারতীয় খালি ট্রাকগুলো সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভারতে প্রবেশ করবে।

চিঠিতে আরও বলা হয়, শীতকালীন মৌসুম শেষে পূর্বের প্রচলিত সময়সূচি অনুযায়ী সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা স্বাক্ষরিত চিঠিতে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার স্বার্থে বিষয়টি সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।