
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় যশোর জেলার শার্শা উপজেলায় ৩২ টি পূজামন্ডপে ২০৪ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন।
সাম্প্রদায়িক সম্প্রীতি, নিরাপত্তা ও নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে দায়িত্বরত আনসার-ভিডিপি সদস্যদের প্রযুক্তিনির্ভর নজরদারি।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে উপজেলায় ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে শার্শা উপজেলার মোট ৩২টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২০৪ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এসব সদস্যগন ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত দিনরাত ২৪ ঘন্টা স্টাটিক ডিউটি করবেন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ ব্যাপক মোতায়েন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াতে সহযোগিতা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগন বাহিনীর নিজস্ব (AVMIS) সফটওয়্যারে নিবন্ধন প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত। সফটওয়্যারে নিবন্ধিত ও প্রশিক্ষণসংক্রান্ত তথ্য যাচাইয়ের মাধ্যমে সদস্যদের দায়িত্ব পালনের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে তাঁদের সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও সর্বোচ্চ দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলার দুর্গাপূজা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও গতিশীল ও সমন্বিত করতে একটি কন্ট্রোল রুম রয়েছ।। পূজামণ্ডপে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ, পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ডিজিটাল ব্যবস্থায় সকলকে যুক্ত করা হয়েছে।
এ ছাড়া প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক প্রতিবেদন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত দুইজন এন্ড ইউজার (End User) সদস্যদের বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। কোনো ঘটনা বা দুর্ঘটনা সংঘটিত হলে তাঁরা ঘটনার বিবরণ, ছবি ও ভিডিওসহ ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবেদন পাঠাবেন। এ ব্যবস্থার ফলে পূজামণ্ডপে সংঘটিত যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজতর হবে। এন্ড ইউজার সদস্যদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে।
পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী সদস্যদের করণীয়, বর্জনীয়, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জনাব ফজলে ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শার্শা, যশোর ব্রিফিং কার্যক্রমে বক্তব্য রাখেন। ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট, যশোর এর নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মোহাম্মদ সাইফুল ইসলাম ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের চলাচলে সহযোগিতা, নারী ও শিশুদের নিরাপত্তা, সন্দেহজনক কার্যকলাপ শনাক্তকরণ, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং দায়িত্ব পালনে পেশাদারত্ব ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
এছাড়াও সদস্যদের উদ্দেশ্যে বলেন, পূজামণ্ডপে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব, উসকানিমূলক কর্মকাণ্ড, সন্দেহজনক পরিস্থিতি কিংবা আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা, দর্শনার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা এবং নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের প্রতি বিশেষ সংবেদনশীলতা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শার্শা ও বৈদ্যনাথ দাস, সভাপতি, উপজেলা পূজা উদযাপন পরিষদ, শার্শা।
এসময় তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আস্থার কথা স্বীকার করে বলেন , ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে উদযাপনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপের আয়োজক, দর্শনার্থী ও সর্বস্তরের জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচারে কান না দেওয়া এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :