দীর্ঘ ৬ বছর পর অবশেষে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সি বি এ নির্বাচন অনুষ্ঠিত, কেন্দ্রে চলছে ভোট গ্রহণ


Desk News প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন /
দীর্ঘ ৬ বছর পর অবশেষে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সি বি এ নির্বাচন অনুষ্ঠিত, কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

মোংলা প্রতিনিধি

নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ৬ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় মোংলা বন্দর স্কুলে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা, খুলনা, মোংলা ও হিরণপয়েন্ট কেন্দ্রে চলছে এ ভোট গ্রহণ। এ নির্বাচনে ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫৪ জন প্রার্থী। সংঘের ভোটারের সংখ্যা ৭৩২ জন।

দীর্ঘদিন পর নির্বাচন হওয়ার বন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রার্থী ও ভোটারেরা স্বস্তঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন। রয়েছে প্রশাসনের কঠোর নজরদারী ও টহল। ইতিমধ্যে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জুলফিকার আলী বলেন, মামলাসহ বিভিন্ন জটিলতায় দীর্ঘ ৬ বছর এই সিবিএর নির্বাচন বন্ধ ছিল। এছাড়া বিগত ৫ আগস্টের পর থেকে একটি পক্ষ সংগঠনটি কুক্ষিগত করে রাখে। পরে এক তলবি সভার মধ্যদিয়ে বন্দর কর্মচাররীরা আমাকে নির্বাচনের দায়িত্ব দেন। দীর্ঘদিন ধরে সিবিএ’র কার্যক্রম না থাকায় কর্মচারীরা অবহেলিত ও সুযোগ-সুবিধা বঞ্চিত ছিলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছরে মানুষ ভোট দিতে পারেনি, তখন যে কোন নির্বাচন হলে সেই ভোটের ফলাফল পাল্টে দেয়া হতো। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে সকল জায়গায় নির্বাচন চলছে, দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। আশা করছি বন্দর সিবিএ’র একটি দক্ষ নেতৃত্ব উপহার দিতে পারবো।