বেনাপোল ৪ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এক দশকেও চালু হয়নি,ভোগান্তিতে হাজারো মানুষ।


Milon Hossain প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন /
বেনাপোল ৪ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এক দশকেও চালু হয়নি,ভোগান্তিতে হাজারো মানুষ।

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল স্থলবন্দরের অদূরে তালশারিতে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি উদ্বোধনের অপেক্ষায় এক দশক ধরে ঝুলে আছে। ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটি চালু না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বেনাপোল এলাকার হাজারো শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরে প্রতিদিন প্রায় আড়াই হাজার শ্রমিক পণ্য লোড-আনলোডের কাজ করেন। প্রয়োজনীয় কোনো হাসপাতাল না থাকায় কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত হলে বা প্রসূতি মায়েদের জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে যেতে হয় নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকেও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে প্রায় ৪০ কিলোমিটার দূরে যশোর সদর হাসপাতালে পাঠাতে হয়। এ দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। সম্প্রতি একজন শ্রমিক হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বর্তমানে কেন্দ্রটিতে একজন উপজেলা সহকারী মেডিকেল অফিসার, একজন পিডব্লিউবি কর্মী এবং একজন ফিল্ড অফিসারসহ মোট ৮ জন কর্মী কর্মরত রয়েছেন। তারা মাঠ পর্যায়ে মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং বাল্যবিবাহ রোধে কাজ করলেও হাসপাতালের অভ্যন্তরীণ সেবা কার্যক্রম একেবারেই স্থবির। ফিল্ড অফিসার আবু বকর জানান, গত দুই বছর ধরে এই কেন্দ্রের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। আগের বরাদ্দ দিয়ে ওষুধ বা আসবাবপত্র কেনা সম্ভব হচ্ছে না, ফলে নামমাত্র কার্যক্রমে কোনোমতে টিকে আছে কেন্দ্রটি।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন ও মানিক মিয়াসহ সচেতন মহল মনে করেন, এই কেন্দ্রটি চালুর পাশাপাশি একে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা জরুরি। তারা অভিযোগ করেন, সাবেক এমপির মালিকানাধীন যে জায়গায় ট্রাক টার্মিনাল করা হয়েছে, সেই জায়গাটি অধিগ্রহণ করে হাসপাতালের পরিসর বাড়ানো হলে বেনাপোল ও এর আশেপাশের মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে পারে। হাসপাতালের জায়গায় ট্রাক টার্মিনাল গড়ে তুলে পরিবেশ নষ্ট করা হচ্ছে।

দীর্ঘ ১০ বছর ধরে ভবনটি পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা কাজ করছে। সরকারি অর্থের অপচয় রোধে এবং সীমান্তবর্তী এই এলাকার মানুষের জীবন বাঁচাতে অবিলম্বে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। সেই সাথে বেনাপোলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণেরও দাবি জানান তারা।