
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি,
যশোর সদর উপজেলায় শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল কে আটক করেছে যশোর ’ডিবি পুলিশ।রবিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান যে, যশোর কোতোয়ালি মডেল থানার একটি অস্ত্র মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম (৪৭) ওরফে ‘খোঁড়া কামরুল’ পিতাঃ মৃত আজিজ গ্রামঃ খোলা ডাঙ্গা যশোর সদর -কে গ্রেফতার করেছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, অস্ত্র মামলায় গ্রেফতারকৃত দুই আসামির আদালতে প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উদ্ধারকৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি কেনাবেচার সঙ্গে কামরুল ইসলামের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ৩০ মে দুপুরে কোতোয়ালি মডেল থানাধীন মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সরবরাহ এবং অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।পুলিশ রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত কামরুল ইসলামের বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, ১টি মাদক মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং অন্যান্য অপরাধে ৭টি মামলাসহ মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :