মানুষের পরিচয় সে মানুষ, এখানে কোনো ভেদাভেদ থাকবে না’— সমাজকল্যাণ মন্ত্রী


Desk News প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ১২:২০ অপরাহ্ন /
মানুষের পরিচয় সে মানুষ, এখানে কোনো ভেদাভেদ থাকবে না’— সমাজকল্যাণ মন্ত্রী

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো হিংসা-বিদ্বেষ, জুলুম বা নির্যাতন থাকবে না। আপনি যেই সম্প্রদায়েরই হোন না কেন, আমাদের কাছে আপনার প্রধান পরিচয় আপনি একজন মানুষ এবং এদেশের নাগরিক। মনে রাখতে হবে, আপনারও এক ভোট, আমারও এক ভোট। আপনার রক্ত কাটলেও লাল রঙ বের হবে, আমার রক্ত কাটলেও লাল রঙ বের হবে। আমার রক্ত নীল না।”

শনিবার (৪ এপ্রিল) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিঠালীগাছা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র আমাদের সবার। এই কালুপাড়া বা পিঠালীগাছা গ্রাম আমাদের সবার। উন্নয়নের ক্ষেত্রে আমরা কোনো ভেদাভেদ করবো না। মসজিদে উন্নয়ন হলে মন্দিরেও হবে, গির্জাতেও হবে। রাস্তাঘাট বা কর্মসংস্থানের সুযোগ হলে তা সবার জন্যই সমানভাবে হবে। আমি তিন বেলা খাব আর আপনি দুই বেলা খাবেন—এমন বৈষম্য আমরা হতে দেব না।”

প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, “উপজেলা বা যেকোনো সরকারি দপ্তরে কাজ আপনাদের অধিকার। সরকার আপনাদের যে অনুদান দিচ্ছে, তার বিনিময়ে কাউকে একটি টাকাও ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ টাকা দাবি করে, তবে আপনারা সোচ্চার হবেন। আপনাদের অধিকার আপনাদেরকেই আদায় করে নিতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না।”

এলাকায় বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডা. জাহিদ হোসেন বলেন, “বিগত ৪ বছরে দিনাজপুর-৬ আসনে ১১১টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত ৪৬ দিনেই আমাকে ৪টি ট্রান্সফরমার কিনে দিতে হয়েছে। এই চোরেরা বাইরে থেকে আসে না, এরা আপনাদের আশেপাশেই থাকে। আপনারা সজাগ না হলে এই চুরির ভোগান্তি আপনাদেরই পোহাতে হবে।” তিনি চোর শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে গ্রামবাসীকে আহ্বান জানান।

মন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শের কথা স্মরণ করেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশনেতার নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী এবং বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।