প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা


Desk News প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন /
প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যার চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে প্রেমঘটিত কারণে হতাশাগ্রস্ত হয়ে এক যুবক মার্কেটের চারতলার ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতের দিকে উপজেলার একটি মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকাকে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক। একপর্যায়ে তিনি মার্কেটের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নিচে ভিড় করেন। এ সময় যুবকের বাবা ঘটনাস্থলে এসে ছেলের জন্য করুণ আহাজারি করতে থাকেন। বাবার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। উপস্থিত অনেকেই যুবকটিকে নিবৃত্ত করার চেষ্টা করেন, তবে তিনি ছাদের কিনারায় অবস্থান নিতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। দীর্ঘ সময় ধরে তারা যুবকের সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা চালায়। একপর্যায়ে কৌশলে ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে ছাদ থেকে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ধৈর্য ও সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে যুবকটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, প্রেমঘটিত বিষয় নিয়ে তরুণদের এমন চরম সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা উদ্বেগজনক। তারা মানসিক সচেতনতা বাড়ানো ও পারিবারিক নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।