ঈদে নির্বিঘ্নে যাতায়াতের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান


Desk News প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন /
ঈদে নির্বিঘ্নে যাতায়াতের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : ঈদুল ফিতরকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির (ডিআরসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। সভা সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক ওমর ফারুক। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. মশিউর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মতিয়ার রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির উজ্জ্বল কুমার সাধু, ঢাকাগামী পরিবহন মালিকদের প্রতিনিধি মো. মশিউর রহমান, নিরাপদ সড়ক চাই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর আবু বকর ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ক্যাশিয়ার শেখ হুমায়ূন কবির বক্তব্য দেন। সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। ঢাকাগামী পরিবহনগুলোকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনাও দেওয়া হয়। এ ছাড়া পৌর এলাকার নিবন্ধিত ইজিবাইক চলাচল অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পৌর এলাকায় অবৈধ যান চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, বাস টার্মিনাল থেকে মিনিবাস ছাড়ার পর সাতক্ষীরা-মুন্সীগঞ্জ রুটের মিনিবাস সঙ্গীতা মোড়ে, সাতক্ষীরা-আশাশুনি রুটের মিনিবাস উপজেলার মোড়ে, সাতক্ষীরা-খুলনা রুটের মিনিবাস নারিকেলতলা মোড়ে এবং সাতক্ষীরা-যশোর রুটের মিনিবাস কদমতলা বাজারে নির্ধারিতভাবে দাঁড়াবে। অনুষ্ঠানে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের উচ্চমান সহকারী মো. নাছির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।