
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলায় অবৈধ কার্যক্রমের দায়ে সিয়াম ব্রিকস ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ৩টায় মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর (নাজিমগঞ্জ) এলাকায় পূর্বে ব্রাদার ব্রিকস নামে পরিচিত এই ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম-এর নেতৃত্বে অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জাম উপস্থিত ছিলেন। ভাটার ভারপ্রাপ্ত মালিক ইশারাত হোসেন অপরাধ স্বীকার করে তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা ও শামসুদ্দিন সরদারের ছেলে। অভিযানে সাতক্ষীরা আনসার ব্যাটালিয়ন (৩০ বিএন)-এর নায়েক সুবেদার বাবুল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগেও একই ইটভাটায় একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :