
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিচার বিভাগীয় কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর ও জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতিতে সংগঠনের সভাপতি মো. ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মোল্যা। এছাড়া বক্তব্য রাখেন মো. মহিদুল ইসলাম, আরিফুর রহমান, হিরেন কুমার বালা, আবু হাসান, কামরুল ইসলাম, আব্দুল হালিম, মো. সানাউল্লাহ, নয়ন কুমার কুন্ডু, তানভীর আহমেদ, আব্দুল গফুর, মনিরুল ইসলাম, স্বপন দাস, তানভীর ইসলাম, জাহির হাসান, নাসরিন সুলতানা, ইয়াসমিন সুলতানা, গোলাম আজম ও হাছিয়া খাতুনসহ অন্যরা। এসময় জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। তারা বলেন, বর্তমান বেতনে পরিবার পরিচালনা কষ্টকর হয়ে পড়েছে। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচির দিকে যাওয়ার ইঙ্গিত দেন সংগঠনের নেতারা।
আপনার মতামত লিখুন :