
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতক্ষীরার কলারোয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা ও সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে যৌথ বাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় মহড়া পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস, কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন, সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন এবং বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম। মহড়ার সময় ভোটকেন্দ্র দখল প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্দেহভাজন আটক, জরুরি পরিস্থিতিতে দ্রুত রেসপন্স এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া গোয়েন্দা নজরদারি জোরদার ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথ বাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে।”
আপনার মতামত লিখুন :