হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেনস্তার শিকার


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন /
হিলিতে সংবাদ সংগ্রহকালে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত ও হেনস্তার শিকার

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে সরকারি উন্নয়ন প্রকল্পের তথ্য সংগ্রহ করতে গিয়ে শারীরিক লাঞ্ছনা ও হেনস্তার শিকার হয়েছেন একাত্তর টেলিভিশনের হাকিমপুর উপজেলা প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকপাড়া-কাঁকড়াপালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া থেকে কাঁকড়াপালি পর্যন্ত এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের কাজ চলছিল। কাজের গুণগত মান যাচাই এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিক আরিফ সেখানে যান। এ সময় নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আলম ইন্ডাস্ট্রিজ’-এর ম্যানেজার আলম হোসেন তার ওপর ক্ষিপ্ত হন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তথ্য চাইলে ম্যানেজার আলম হোসেন উত্তেজিত হয়ে অপদস্থ করা শুরু করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরাটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার কামরুল ইসলাম বলেন, “সরকারি উন্নয়ন কাজের তথ্য সংগ্রহে একজন সাংবাদিককে বাধা দেওয়া এবং তার ওপর চড়াও হওয়া অত্যন্ত অনভিপ্রেত। ঘটনাটি আমরা অবগত হয়েছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দিনের আলোতে সংবাদকর্মীর ওপর এমন হামলার ঘটনায় হিলির স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে অভিযুক্ত আলম হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ছবির ক্যাপশন: অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আলম হোসেন।