
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এককভাবে সরকার গঠন করতে যাওয়া বিএনপির নতুন মন্ত্রিসভা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এই তালিকার অন্যতম আলোচিত নাম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরেণ্য চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজনৈতিক অঙ্গন ও দলীয় সূত্রগুলোর দাবি, নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বিশেষ করে দলের চেয়ারপারসন তারেক রহমান স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে একজন অভিজ্ঞ পেশাজীবী হিসেবে তাঁর ওপর আস্থা রাখতে পারেন বলে গুঞ্জন উঠেছে।
দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন বেসরকারিভাবে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ১৯৮৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরবর্তীতে ইউরোলজিতে এমএস ও এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৪ বারের মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে তাঁর বর্ণাঢ্য পেশাজীবী নেতৃত্বের ক্যারিয়ার রয়েছে। বিএনপির রাজনীতিতে দীর্ঘ ১৮ বছরের লড়াইয়ে তিনি অর্ধশতাধিক মামলার শিকার হয়েছেন এবং তিনবার কারাবরণ করেছেন।
দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’র আলোকে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনতে ডা. জাহিদের মতো অভিজ্ঞ ও দলের বিশ্বস্ত নেতার বিকল্প দেখছে না হাইকমান্ড। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও তিনি বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার শপথ গ্রহণের পর তাঁর কাঁধেই উঠতে পারে দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের গুরুদায়িত্ব। তবে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই আলোচনাকে `জোরালো সম্ভাবনা` হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :