সুন্দরবনে অপহৃত ৬ জেলে উদ্ধার


Desk News প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন /
সুন্দরবনে অপহৃত ৬ জেলে উদ্ধার

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৭ মার্চ মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ‘নানা ভাই বাহিনী’র সদস্যদের হাতে জিম্মি হন জেলেরা। মুক্তিপণের দাবিতে তাদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছিল। জিম্মি এক জেলের স্বজন কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ খবর দিলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে নলিয়ান আউটপোস্ট থেকে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় দস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খুলনার কয়রা উপজেলার তিনজন এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তিনজন রয়েছেন। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।