সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবসের আলোচনা সভা


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবসের আলোচনা সভা

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : জলাভূমি সংরক্ষণ ও প্রথাগত জ্ঞানের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব জলাভূমি দিবস-২০২৬। সোমবার (২ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের চুনকুড়ি নদীর পাড়ে “জলাভূমি ও প্রথাগত জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন” প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রীন কোয়ালিশন ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম যৌথভাবে “জলাভূমি সুরক্ষায় উপকূলবাসীর অঙ্গীকার” শীর্ষক কর্মসূচি আয়োজন করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা নদী, খাল-বিল ও প্রাকৃতিক জলাশয় রক্ষার দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ গ্রীন কোয়ালিশনের সভাপতি ডা. যোগেশ মন্ডল। সভায় বক্তব্য রাখেন ঈশ্বরীপুর গ্রীন কোয়ালিশনের সভাপতি এম. জিল্লুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, মথুরাপুর কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সরমা রানী, কৃষক নিমাই মন্ডল, সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় জলাভূমি অপরিহার্য। প্রথাগত জ্ঞান ও স্থানীয় মানুষের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিত উদ্যোগে জলাভূমি সংরক্ষণ করতে হবে। ডা. যোগেশ মন্ডল বলেন, নদী, খাল-বিল ও জলাভূমি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এগুলো ধ্বংস হলে শুধু পরিবেশ নয়, উপকূলবাসীর অস্তিত্বও হুমকির মুখে পড়বে। রামকৃষ্ণ জোয়ারদার বলেন, জলাভূমি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকবচ হিসেবে কাজ করে। বিশ্বজিৎ মন্ডল উল্লেখ করেন, নদী ও প্রাকৃতিক জলাশয় দখল ও দূষণের কারণে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।