
জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পাওয়া জেলা পুলিশের দুই সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নায়েক পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পাওয়া মোঃ মানিক হোসেন এবং কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পাওয়া মোঃ রুবেল মোল্যার কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার। এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি বলেন, পদোন্নতি শুধু সম্মানের বিষয় নয়, এর সঙ্গে দায়িত্বও বহুগুণে বেড়ে যায়। জনগণের আস্থা অর্জন করে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম. রাজু আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের ওপর অর্পিত নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :