সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইঁদুর ও শিয়াল ধরার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম (৪৫) সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে ও নিহত আব্দুর রহিম (৩৫) শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মনিরুল ইসলামের নিজস্ব একটি টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষার উদ্দেশ্যে তিনি ক্ষেতের চারপাশে দেওয়া ঘেরার তারের সঙ্গে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেন। শনিবার সকালে মনিরুল ইসলাম নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত তার পা বৈদ্যুতিক তারে আটকে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় মনিরুল ইসলামের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে যান পার্শ্ববর্তী ক্ষেতের মালিক আব্দুর রহিম। উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।