সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: যানজট নিরসনে ব্যবসায়ীদের স্মারকলিপি


Desk News প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন /
সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: যানজট নিরসনে ব্যবসায়ীদের স্মারকলিপি

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং শহরের যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিছ আফরোজা আখতার।
সভায় জেলার অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, অপরাধ নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
সভার একপর্যায়ে সাতক্ষীরা শহরের তীব্র যানজট নিরসনে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ী নেতারা। জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিএম সোহরাব হোসেন শহরের নিউমার্কেট থেকে পাকাপোলের মোড় এবং পাকাপোল থেকে কেষ্ট ময়রার মোড় পর্যন্ত যানজট নিরসনের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি হিসেবে পুলিশ, র‌্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যরা সভায় অংশ নেন। জেলা প্রশাসক মিছ আফরোজা আখতার সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।