রমজানে মোংলায় বাজার তদারকি, ৭ প্রতিষ্ঠানের জরিমানা


Desk News প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন /
রমজানে মোংলায় বাজার তদারকি, ৭ প্রতিষ্ঠানের জরিমানা

মংলা প্রতিনিধি

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোংলায়ে বাজার তদারকি অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার মোংলা বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কয়েকটি ফলের দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। এ অভিযোগে ছয়টি দোকানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কৃষি বিপণন লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একটি মাছের আড়ৎকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

অভিযান শেষে কর্মকর্তারা বলেন, রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলে তারা জানান।