ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি ভারতীয় রাসায়নিকসহ আটক-১


Desk News প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন /
ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি ভারতীয় রাসায়নিকসহ আটক-১

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ভোমরা, ঘোনা, মাদরা ও কালিয়ানী বিওপি এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় রাসায়নিক উপাদান, মোটরসাইকেল, মোবাইল, শাড়ি ও ঔষধসহ এক আসামীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির অভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এমএস মজুমদার ট্রেডার্স পার্শ্বে সাতক্ষীরা হাইওয়ে থেকে ১১ লাখ ৩০ হাজার টাকার ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপাদানসহ মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়। ঘোনা বিওপির অভিযানে দাঁতভাঙ্গা থেকে ৭০ হাজার টাকার শাড়ি, কালিয়ানী বিওপির অভিযানে ছয়ঘরিয়া খৈলতলা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ এবং মাদরা বিওপির অভিযানে চান্দা মাঠ থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়। মোট আটক মালামালের মূল্য ১২ লাখ ৭০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসছিল। এই চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়াসহ রাজস্ব আয়েও প্রভাব পড়ছে।
বিজিবি টহলদল উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করছে। স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান দেশের শিল্প ও রাজস্ব রক্ষায় গুরুত্বপূর্ণ।