
মোংলা প্রতিনিধি
মোংলা বন্দরের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬৯ লাখ টাকা এবং একটি বিলাসবহুল গাড়ি আত্মসাতের অভিযোগে মো. রকিবুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গ্রেপ্তার করেছে। গত ৬ মার্চ ভোরে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে তাকে ধরা হয়।
আজ শনিবার (৭ মার্চ) তাকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। একই ঘটনায় মোহাম্মদ সাখাওয়াত হোসেন (৫৩) ও প্রিন্স নামে আরও একজনকে আসামি করা হলেও তারা বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার নথি ও পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্তরা নানা কৌশল অবলম্বন করে ব্যবসায়ীর কাছ থেকে অর্থ ও সম্পদ হাতিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী থেকে নিলামে কেনা একটি ‘নিসান কিক্স’ গাড়িও চক্রটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ জন্য স্ট্যাম্প জালিয়াতি এবং নথিপত্রে ঘষামাজার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, প্রতারণার বিষয়টি টের পেয়ে ব্যবসায়ী টাকা ও গাড়ি ফেরত চাইলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দেয়। এ ঘটনায় গত ২ জানুয়ারি ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা), ৫০৬ (হুমকি) ও ৩৪ ধারায় মামলা করা হয়।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রতারণার মাধ্যমে অর্থ ও গাড়ি আত্মসাৎ করার পর অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। মামলার আলামত হিসেবে চিহ্নিত গাড়িটির মালিকানা বা রেজিস্ট্রেশন যাতে পরিবর্তন করা না যায়, সে জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দেওয়া হয়েছে। এছাড়া আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানিয়েছেন, পলাতক আসামি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও প্রিন্সসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া মো. রকিবুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
আপনার মতামত লিখুন :