পেট্রোল পাম্প ঘুরে পেট্রোল পাননি, সংসদ সদস্য গাজী নজরুল


Desk News প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন /
পেট্রোল পাম্প ঘুরে পেট্রোল পাননি, সংসদ সদস্য গাজী নজরুল

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি : দেশে জ্বালানি সংকট নেই বলে জাতীয় সংসদে বিবৃতি দেওয়া হলেও তেলের পাম্পে গিয়ে তেল পাননি একজন সংসদ সদস্য। অন্য আরেকজন সংসদ সদস্য তার এলাকায় পেট্রোল পাম্পে তেল নেই, বাইরে বিক্রি হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন। গতকাল সোমবার ৭১ বিধিতে দাঁড়িয়ে এ তথ্য দেন জাতীয় সংসদে। ৭১ বিধিতে দাঁড়িয়ে জরুরি জনগুরুত্বপুর্ণ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দৃষ্টি আকর্ষণ করে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ যদিও কথা (জ্বালানি সংকট) উঠেছে, আমি আজ নিজে ঢাকাতেও পেট্রোল পাম্প থেকে ঘুরে এসেছি, আমি আমার গাড়ির জন্য তেল পাইনি। এ জন্য আমি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। ৭১ বিধিতে দাঁড়িয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে জানান, আমার এলাকায় দেখেছি প্রেট্রোল পাম্পে তেল নেই, কিন্তু বাইরে তেল বিক্রি হচ্ছে। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনে বিবৃতি দিয়ে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে জ্বালানি সংকট নেই। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও সংসদে জানিয়েছেন দেশে জ্বালানি সংকট নেই।