
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৬ সংসদীয় আসন (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) এখন নির্বাচনী উত্তাপে সরগরম। দফায় দফায় সভা-সমাবেশ, মিছিল, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটের মাঠে শক্ত অবস্থান নিয়েছেন প্রার্থীরা। ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাস্তব চিত্রে মূল লড়াই গড়ে উঠেছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম মো. জাহিদ হোসেন নির্বাচনী প্রচারণায় জোর দিয়ে বলেছেন, চার উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি দাবি করেন, জাতীয় উন্নয়নের মূল ধারার বাইরে পড়ে রয়েছে দিনাজপুর-৬ আসন।
ডা. জাহিদ বলেন, “এই এলাকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার। জনগণের ভোটে নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলামও নির্বাচনী মাঠে পিছিয়ে নেই। গণসংযোগ ও সভা-সমাবেশে তিনি বলেন, দিনাজপুর-৬ আসনের মানুষ দীর্ঘদিন ধরে সব খাতেই অবহেলার শিকার। জনগণের ভোটে তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, “এই এলাকায় বহু ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, যা দীর্ঘদিন ধরে তত্ত্বাবধানের অভাবে ধ্বংসের মুখে। এসব রক্ষা ও উন্নয়নে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।” তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. রেজাউল হক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নুর আলম সিদ্দিক (হাতপাখা), বাসদের প্রার্থী মো. আব্দুল হাকিম (মই) এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ (ঘোড়া)।
নির্বাচনী প্রচারণায় ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীরা প্রতিদিনই সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা উন্নয়ন, পরিবর্তন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ১৩ জন। এই আসনে রয়েছে ৩টি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৯টি।
সব মিলিয়ে দিনাজপুর-৬ আসনে এবারের নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাকর। শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকে পড়ে ভোটারদের রায়—সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো এলাকা।
আপনার মতামত লিখুন :