ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে শাখরা-কোমরপুর বেইলি ব্রিজে


Desk News প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন /
ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে শাখরা-কোমরপুর বেইলি ব্রিজে

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার শাখরা-কোমরপুর সড়কের বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের উপরিভাগের লোহার প্লেট ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় মানুষ। স্থানীয়রা জানান, ব্রিজটির নিচ দিয়ে গভীর নদী প্রবাহিত হলেও উপরের অংশে লোহার প্লেট ক্ষতিগ্রস্ত হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে। তবুও বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রতিদিন শত শত মানুষ বাধ্য হয়ে এই ব্রিজ পার হচ্ছেন। এই ব্রিজটি শাখরা, কোমরপুর, বৈচনা, হাড়দ্দাহ ও ভোমরা বন্দরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। স্কুলগামী শিক্ষার্থী, বাজারে যাওয়া ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া রোগী—সবাইকে এই ব্রিজের ওপরই নির্ভর করতে হচ্ছে। স্থানীয়রা জানান, ব্রিজের পাশেই প্রায় ১০০ বছরের পুরোনো পদ্মাশাখরা হাট-বাজার অবস্থিত। প্রতি সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। হাটের দিনগুলোতে যানবাহন ও মানুষের চাপ আরও বেড়ে যায়। রবিবার (৮ মার্চ) সকালে হাটে যাওয়ার পথে একটি মোটরভ্যান ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ভ্যানচালক আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির অবস্থা খারাপ থাকলেও এখনো সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয়দের দাবি, দ্রুত এই ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি সংস্কার বা নতুন সেতু নির্মাণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।