
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের হেভিওয়েট প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জামানত হারিয়েছেন। কেটলি প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এই ভোটের ফল ঘোষণা করেন।
নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১.৪ শতাংশ।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছে বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বগুড়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। বাতিল হয়ে গেছে ৪ হাজার ৬৯১ ভোট, যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।
উল্লেখ্য, শুরুতে আসনটি বিএনপির পক্ষ থেকে নাগরিক ঐক্যের সভাপতি মান্নাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরে দলটি নিজস্ব প্রার্থীকে মনোনয়ন দেয়। পরে জোটে না গিয়ে নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করেন মান্না।
আপনার মতামত লিখুন :