কালিগঞ্জে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ শ লিটার ডিজেল জব্দ


Desk News প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন /
কালিগঞ্জে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ শ লিটার ডিজেল জব্দ

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
দেশব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনি. সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদীর বিশ্বস্ত সহযোগী ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে অর্থদণ্ডও করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন ইশতিয়াক আহমেদ অপু।

অভিযানে প্রায় ১ হাজার ২০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়।

অভিযানকালে সাতক্ষীরা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত চেয়ারম্যান ফেরদৌস মোড়ল দাবি করেন, চিংড়ি ঘেরে পানি উত্তোলনের সেচ মেশিন ও ভেকু গাড়ি পরিচালনার জন্য তিনি এ তেল সংরক্ষণ করেছিলেন।

এদিকে যৌথবাহিনীর এ অভিযানের পরপরই কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনি. সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদীর গাত্রদাহ শুরু হয়ে যায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু জানান, অনুমোদিত সীমার বাইরে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অঙ্গীকারনামা নেওয়া হয়।