হারিয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী গ্যাদন খেলা


Desk News প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন /
হারিয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের ঐতিহ্যবাহী গ্যাদন খেলা

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি :
উপকূলীয় বাংলাদেশের একসময়ের জনপ্রিয় গ্রামীণ খেলা গ্যাদন এখন প্রায় বিলুপ্তির পথে। একসময় গ্রামবাংলার শিশু-কিশোরদের অন্যতম বিনোদন ছিল এই ঐতিহ্যবাহী খেলা। কিন্তু সময়ের পরিবর্তন, প্রযুক্তির বিস্তার এবং খেলার মাঠ কমে যাওয়ায় নতুন প্রজন্মের মধ্যে এর চর্চা দিন দিন কমে যাচ্ছে।

গ্রামের প্রবীণদের ভাষ্য, গ্যাদন খেলা শুধু বিনোদনের মাধ্যমই ছিল না; এটি ছিল এক ধরনের শারীরিক ব্যায়ামও। নিয়মিত খেলাধুলার কারণে শিশু-কিশোররা শারীরিকভাবে সুস্থ ও সবল থাকত এবং নানা রোগবালাই থেকেও অনেকটা দূরে থাকত। স্থানীয়দের মতে, খেলাটির ইতিহাস বেশ পুরোনো। একসময় গ্রামবাংলার পাড়া-মহল্লায় শিশু-কিশোররা দল বেঁধে এই খেলায় অংশ নিত। খেলাটির মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠত। তবে বর্তমানে অনেক এলাকায় খেলার মাঠের অভাব দেখা দিয়েছে। পাশাপাশি স্মার্টফোন ও আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার কারণে শিশু-কিশোররা মাঠের খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। মোবাইল গেম ও অনলাইন বিনোদনের প্রতি আগ্রহ বাড়ায় গ্যাদনের মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এভাবে একটি খেলা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার দীর্ঘদিনের সংস্কৃতি ও ঐতিহ্যও বিলীন হয়ে যাচ্ছে। তাই গ্রামীণ মেলা, স্থানীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানে গ্যাদন খেলার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে খেলাটি পুনরুজ্জীবিত করার দাবি উঠেছে। সংশ্লিষ্টদের মতে, সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে গ্যাদন খেলা আবারও উপকূলীয় অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন প্রজন্মের মাঝে স্থান করে নিতে পারে।